জেড প্ল্যান্ট বা জেড ট্রি অন্দরসজ্জার জগতে অন্যতম জনপ্রিয় একটি উদ্ভিদ। নতুনদের জন্য এটি আদর্শ, আবার ফেং শুই চর্চায় এটি প্রাচুর্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবেও পরিচিত। বৈজ্ঞানিকভাবে ক্রাসুলা ওভাটা (Crassula ovata) নামে পরিচিত এই রসালো উদ্ভিদের পাতা সবুজ ও মাংসল, আর কাণ্ড মোটা হওয়ায় অনেকেই একে ছোট গাছ বলে মনে করেন। যদিও এর বৃদ্ধি ধীর, সঠিক যত্ন নিলে পাতাগুলো বড়, পুরু এবং উজ্জ্বল হয়ে ওঠে।
পর্যাপ্ত আলো দেওয়ার গুরুত্ব
জেড প্ল্যান্ট প্রতিদিন চার থেকে ছয় ঘণ্টা সরাসরি বা খুব উজ্জ্বল সূর্যালোকের প্রয়োজন হয়। পূর্বমুখী জানালার কাছে রাখলে এটি ভালোভাবে বেড়ে ওঠে। তবে দুপুরের তীব্র রোদে রাখলে পাতার সবুজ অংশ পুড়ে যেতে পারে, তাই এড়িয়ে চলা জরুরি।
সঠিকভাবে জল দেওয়ার নিয়ম
এই গাছের খুব বেশি জল প্রয়োজন হয় না। প্রতি ১৫ দিনে একবার জল দেওয়া যথেষ্ট। অতিরিক্ত জল এড়াতে ভালো নিষ্কাশন ব্যবস্থা থাকা জরুরি। শীতকালে পাতায় জল ছিটানো থেকে বিরত থাকা উচিত।
বাড়ির কোন জায়গায় রাখা উচিত
রান্নাঘর, শোবার ঘর বা বাথরুমে জেড প্ল্যান্ট না রাখাই ভালো। আলো ও বাতাস চলাচল করে এমন জায়গা বেছে নিলে গাছটি সুস্থভাবে বেড়ে ওঠে।
ছাঁটাই করার সঠিক সময় ও পদ্ধতি
বসন্ত বা গ্রীষ্মকালে ছাঁটাই সবচেয়ে উপযোগী। অতিরিক্ত লম্বা ডালপালা কাঁচি দিয়ে ছেঁটে ফেলতে হবে। ছাঁটাই করা পাতাগুলো ব্যবহার করে নতুন গাছ জন্মানো যায়।
সার ব্যবহারের উপকারিতা
নিয়মিত সার ব্যবহার করলে কাণ্ড মোটা হয় এবং পাতার উজ্জ্বলতা বজায় থাকে।
ঐতিহাসিক ও ঔষধি ব্যবহার
আফ্রিকার কিছু উপজাতি জেড প্ল্যান্টকে ঔষধি হিসেবে ব্যবহার করত। তারা এর শিকড় দুধের সাথে মিশিয়ে ডায়রিয়া ও মৃগীরোগের চিকিৎসা করত এবং এটিকে প্রাকৃতিক রেচক হিসেবেও কাজে লাগাত।
